সেই শোঁ - শোঁ শব্দ

এই শোঁ-শোঁ শব্দটা শুনেছো?
মনে হয়, যেন চারপাশটা ঘিরে আছে
কোন হিংস্র শ্বাপদ অতিকায়।
যেন এখনি ঝাঁপিয়ে পড়বে প্রবল জিঘাংসায়।
আচ্ছা, এই শব্দ কি তোমার মনে ভীতি জাগায়?
কাশের বীজের মত নিজেকে লাগে অসহায়?

আমার মনে হয়-
বদ্ধ ঘরে বসে আছি মৃত্যুর প্রতীক্ষায়।
সেই ঘরে-
মেসজয়িক ডাইনোসরের গর্জনে কাঁপন উঠেছে জানালায়।
এই অন্ধকার ঘরটাকে মনে হয় অচেনা।
আবার, নিজেকে হঠাৎ হঠাৎ মনে হয়,
কবরের অধিবাসী।
জানালার ফাঁক দিয়ে, ভুল করে ঢুকে পড়া
বৃষ্টির ফোটাকে ভ্রম হয়-
দেবদূত বলে।

দেবদূত এসেছে গোটা তিনেক প্রশ্ন নিয়ে
-তুমি কে?
- ভালোবাসো কবিতা?
- ভালোবাসা কি খুঁজে পাও, রমনীর ছোঁয়ায়?

আমি কোন উত্তর দিতে পারিনা,
শুধু চোখ বন্ধ করে শুনি-
বাতাসের গর্জন, মেসজয়িক ডাইনোসরের হাহকার,
সেই শোঁ - শোঁ শব্দ,
সেই শব্দ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

শেষ গানটির মত

প্রেতে ও মানুষে। পর্ব-৪(শেষ পর্ব)