মাতাল প্রেমিক

বহুদিন আগে কোন এক রাতে
চাঁদের বদলে আকাশে ফুটেছিল- বিষণ্ণ লাল গোলাপ।
জোছনার বদলে বিলিয়েছে সে সুবাসিত আলো,
তাতে তাবৎ প্রেমিক হয়েছে মাতাল, বকেছে ব্যাপক প্রলাপ।
সে রাতে, গোলাপ বিহীন আমার বাগানে ফুটলো হঠাৎ চাঁদটা।
ঘুম ভেঙে ওঠা বিরক্ত কাক,অভিসম্পাত-আমার প্রতি,
বিপন্ন আমি, বিষণ্ণ আমি, খুঁজি অযুহাত,
কাকের ঘুমের হয়েছে ব্যাঘাত-
নষ্ট হয়েছে সঙ্গমরত বাদুর জোড়ার রাতটা।

চাঁদ সমেত গোটা গাছটাই উপড়ে ফেলায়
অপরাধবোধ জাপটে ধরে শিরায় শিরায়।
ঘন হয়ে আসা, ইঁদুরের বাসা ভেঙে পড়ে যায় তুষারের মত।
ফীকে হয়ে আসা চাঁদের আলোতে শালিকের ঘুম ক্ষত-বিক্ষত।

আমার আস্তাকুড়ে,
অবহেলায় সে থাকে পড়ে।
ভাবি, বাকি যেটুকু আলো অবশিষ্ট থাকে,
সকালেই কোন নোংরা শিশু খুঁটে খুঁটে খাবে তাকে।
তারপর আরেক রাতে,
সুবাস বিলানো শেষে-
গোলাপের শেষ পাপড়িটাও পড়ে ঝরে, অবশেষে। 

তারপর থেকে আর কোনদিন আকাশে জোছনা ওঠেনি,
আর কোনদিন কোন বাগানে কোন গোলাপ ফোটেনি।
সেদিনের পর আর কোন প্রেমিক হয়নি মাতাল,
লেখেনি কোন পদ্য।
অমাবস্যাই এরপর থেকে প্রেমহীন সঙ্গমের গদ্য।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

শেষ গানটির মত

প্রেতে ও মানুষে। পর্ব-৪(শেষ পর্ব)